নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় মামলার মূল আসামি মো. শিহাব হোসেনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রামপুরা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত ১০টায় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে ১০ বছরের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গামছা পেঁচিয়ে মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সুরতহাল প্রতিবেদনে মরদেহে অস্বাভাবিক যৌনাচারের প্রাথমিক আলামত পাওয়া যায় বলে জানায় পুলিশ। পরে অনুসন্ধানে জানা যায়, ওই মাদ্রাসার শিক্ষার্থী শিহাব হোসেন এর আগেও আরও কয়েকজন ছাত্রের সঙ্গে জোরপূর্বক অনৈতিক আচরণে জড়িত ছিল।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন