স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) থেকেই মাঠে দায়িত্ব পালন করছেন তারা।
সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহায় উদ্যাপন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ছাড়াও যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ ঘিরে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের আগে ৭ দিন ও পরবর্তী ৩ দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ টোল প্লাজা ছাড়াও মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে তারা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ফয়সাল