আন্তর্জাতিক ডেস্ক: আকাশছোঁয়া দামের বিশ্বকাপ টিকিটের বাজারে নিউইয়র্কবাসীর জন্য স্বস্তির খবর দিলেন মেয়র জোহরান মামদানি। আসন্ন বিশ্বকাপের জন্য শহরের বাসিন্দাদের মধ্যে ৫০ ডলার মূল্যের ১ হাজার টিকিট বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (২১ মে) হারলেমের লিটল সেনেগাল এলাকার একটি বারে এই ঘোষণা দেন নিউইয়র্কের মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের তারকা টিমোথি ওয়েয়া।
৮০ লাখের বেশি মানুষের শহর নিউইয়র্কে ১ হাজার টিকিট বরাদ্দ খুব বড় সংখ্যা নয়। তবে উচ্চমূল্যের বিশ্বকাপ টিকিটের বাজারে এই উদ্যোগকে সাধারণ দর্শকদের জন্য সুযোগ হিসেবে দেখছে শহর কর্তৃপক্ষ।
মামদানি রসিকতা করে বলেন, ‘নিউইয়র্ক সিটিতে এই দামে পাঁচ কাপ লাটে পাওয়া যায়।’
টিকিটগুলো দেওয়া হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া আট ম্যাচের মধ্যে সাতটির জন্য।
ম্যানহাটনের ওপারে অবস্থিত ৮২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু।
তবে ১৯ জুলাইয়ের ফাইনালের জন্য এই টিকিট পাওয়া যাবে না। ফাইনালের চাহিদা অনেক বেশি। ওই ম্যাচে কিছু আসনের দাম প্রায় ৩৩ হাজার ডলার পর্যন্ত উঠেছে।
৫০ ডলারের এই টিকিটের সঙ্গে স্টেডিয়ামে যাওয়া-আসার জন্য বিনা মূল্যে বাস পরিবহন সুবিধাও থাকবে। আগামী ২৫ মে থেকে লটারির মাধ্যমে টিকিট বিতরণ প্রক্রিয়া শুরু হবে।
বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এ কারণে মেয়র মামদানি জানিয়েছেন, শহর কর্তৃপক্ষ নিশ্চিত করবে যেন টিকিটগুলো প্রকৃত নিউইয়র্কবাসীর কাছেই যায় এবং সেগুলো পুনরায় বেশি দামে বিক্রি করা না যায়।
টিকিটগুলো হস্তান্তরযোগ্য হবে না। বাসিন্দা যাচাইয়ের জন্য শহর কর্তৃপক্ষ ‘বিভিন্ন উপায়’ ব্যবহার করবে বলে জানিয়েছেন মেয়র। ম্যাচের দিন বাসে ওঠার সময় সরাসরি সমর্থকদের হাতে টিকিট তুলে দেওয়া হবে।
মামদানি বলেন, ‘আমরা নিশ্চিত করছি, যে শ্রমজীবী মানুষ এই খেলাটিকে গড়ে তুলতে সাহায্য করেছে, তারা যেন টাকার কারণে সেই খেলা থেকে বঞ্চিত না হয়।’
ডেমোক্র্যাট মেয়র মামদানি জানুয়ারিতে দায়িত্ব নেন। তিনি বলেন, তার প্রশাসন শুধু বাসস্থান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো দৈনন্দিন বিষয়কে সাশ্রয়ী করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
তার ভাষায়, ‘এটি এমন বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করে, যা আমাদের মানবিক করে তোলে এবং যাতে প্রতিটি নিউইয়র্কবাসী অংশ নিতে পারে।’
নির্বাচনী প্রচারের সময়ও বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সরব ছিলেন মামদানি। সে সময় তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আহ্বান জানিয়েছিলেন, নিউইয়র্কবাসীর জন্য ১৫ শতাংশ টিকিট কম দামে বরাদ্দ রাখতে। চাহিদার ভিত্তিতে টিকিটের দাম নির্ধারণের পরিকল্পনা বাতিলের দাবিতে তিনি একটি পিটিশনও চালু করেছিলেন।
তবে মেয়রের কার্যালয় জানিয়েছে, ৫০ ডলারের এই টিকিট সরাসরি ফিফা দিচ্ছে না। নিউইয়র্ক ও নিউ জার্সির যৌথ হোস্ট কমিটির জন্য বরাদ্দ থাকা টিকিট থেকেই এগুলো দেওয়া হবে।
এর আগে অতিরিক্ত দামের সমালোচনার মুখে উত্তর আমেরিকার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য ৬০ ডলারের কিছু টিকিটের ব্যবস্থা করেছিল ফিফা। তবে সেই কমদামি টিকিটগুলো দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট ম্যাচে অংশ নেওয়া দলগুলোর জাতীয় ফেডারেশনকে। পরে ফেডারেশনগুলো ঘরের মাঠ ও বাইরে আগের ম্যাচে নিয়মিত যাওয়া সমর্থকদের অগ্রাধিকার দিয়ে টিকিট বিতরণের সিদ্ধান্ত নেয়।
মেটলাইফ স্টেডিয়াম এনএফএলের নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের ঘরের মাঠ। বিশ্বকাপে এখানে ফাইনাল ছাড়াও পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ এবং দুটি নকআউট পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৩ জুন থেকে এই ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডসহ আরও কয়েকটি দল এখানে খেলবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব