স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীর স্কুলছাত্রী রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।
শনিবার (২৩ মে) এ বিষয়ে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯২ ধারার বিধান অনুযায়ী, ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং-৩৫ (তারিখ: ২০/০৫/২০২৬), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারাসহ দণ্ডবিধির ২০১ ধারার মামলায় রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৯ মে মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে পাশের ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবী এলাকায় রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী রামিসার শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান। ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব