স্টাফ রিপোর্টার: দেশে শিশু ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। ঢাকা ও চট্টগ্রামের আলোচিত কয়েকটি ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর কলাবাগান এলাকায় আবারও এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি বাসায় শুক্রবার (২২ মে) রাতে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিশুটির পাশের বাসার বাসিন্দা। তিনি চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি