স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
শুক্রবার (৩০ মে) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকায় অবস্থিত শামসুল হক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত নুর নবীকে (২০) আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।
অভিযুক্ত নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের মৃত শহীদ শিকারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় নুর নবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, শিশুর প্রতি এমন জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি