| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৪:৫১:৩৮:অপরাহ্ন  |  ৬৮৩ বার পঠিত
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরুরি তদারকি ও অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান। নোটিশটি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আইজিপি ও র‌্যাবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু বাস্তবে দেশের বহু বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম, অব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার ঘাটতি দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, যা রোগী নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে।

বিশেষ করে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

নোটিশে আরও যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে—দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লাইসেন্স, চিকিৎসা সরঞ্জাম, অগ্নিনিরাপত্তা ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থার যাচাই; আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও এনআইসিইউ ইউনিটের সক্ষমতা পরীক্ষা; এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যোগ্যতা ও নিবন্ধন যাচাই।

এছাড়া অনুমোদনবিহীন বা মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানানো হয়েছে।

নোটিশে ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে আদালতের শরণাপন্ন হয়ে রিট দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪