স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তাররা হলেন মো. জুয়েল ও আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে র্যাব-২ ও মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি পিকআপ, ছিনতাই করা মালামাল এবং তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
র্যাব-২-এর উপপরিচালক (গণমাধ্যম) মেজর এম মুবীন রহমান তাপস জানান, ঘটনার প্রধান সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জুয়েলের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডে ঈদুল আজহার ছুটি শেষে বাসায় ফেরার পর দুই নারী ছিনতাইয়ের শিকার হন। চাপাতির ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা লাগেজ, ব্যাগ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুই নারীর কাছ থেকে মুহূর্তের মধ্যে অস্ত্রের মুখে মালামাল ছিনিয়ে নেয় দুই ব্যক্তি।
পুলিশ জানায়, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে শ্যামলী এলাকায় নামার পর রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসায় ফিরছিলেন। বাসার গেটের সামনে পৌঁছানোর পরই তারা ছিনতাইয়ের শিকার হন।
রিপোর্টার্স২৪/বাবি