| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ২২:০৩:১৮:অপরাহ্ন  |  ১০৬৩ বার পঠিত
পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি কোনো এক সময় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। 

আজ বুধবার (৩ জুন) সম্প্রচারিত 'পড ফোর্স ওয়ান'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, 'তারা (ইরান) ইতোমধ্যে রাজি হয়েছে যে তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করবে না।'

শত্রুতা অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মোজতবা খামেনির সংশ্লিষ্টতা নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, 'তিনি অবশ্যই এর সঙ্গে জড়িত। ... আমার মনে হয় তাদের (ইরানিদের) তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।'

ট্রাম্প জানান, তিনি শুনেছেন ইরানের সর্বোচ্চ নেতা শারীরিকভাবে খুব একটা সুস্থ নেই, তবে আলোচনার সময় তিনি প্রয়োজনীয় অনুমোদন দিয়ে যাচ্ছেন। 

ট্রাম্প আরও যোগ করেন যে, খামেনির সঙ্গে এখনো তার সাক্ষাৎ করার সুযোগ হয়নি।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমি তার সঙ্গে দেখা করতে চাই। সবকিছু কীভাবে এগোয় তার ওপর ভিত্তি করে সম্ভবত কোনো এক সময়ে আমাদের দেখা হবে।'

মার্কিন প্রেসিডেন্ট ইরান যুদ্ধকে একটি সাফল্য হিসেবে দেখছেন, কারণ তার মতে দেশটির সামরিক বাহিনী পরাজিত হয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এছাড়া আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই যুদ্ধ মার্কিন জনগণের কাছেও অজনপ্রিয় হয়ে উঠেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরান একটি বড় সাফল্য। দেখা যাক কী হয়। আমরা একটি চুক্তি নিয়ে কাজ করছি, আর সেটি হয়ে গেলে ভালো। যদি না হয়, তাতেও সমস্যা নেই। আমরা অন্য পথে হাঁটব।'

তিনি 'অন্য পথ' বলতে ঠিক কী বুঝিয়েছেন তা স্পষ্ট না করলেও, অতীতে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করবে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪