| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৪:০৫:৫০:অপরাহ্ন  |  ১৯৪ বার পঠিত
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর বিচারক মামলাটির রায় ঘোষণার জন্য ৭ জুন দিন নির্ধারণ করেন।

এর আগে গত ১ জুন আদালত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরদিন মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরবর্তীতে আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। একই দিনে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৭ জন সাক্ষী রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা পপুলার মডেল হাই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এ সময় আসামি স্বপ্না খাতুন তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

পরে শিশুটিকে খোঁজাখুঁজি করতে গিয়ে তার মা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হলে পরিবার ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শিশুটির মরদেহ দেখতে পান। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরদিন ২০ মে ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এ মামলার রায়কে ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪