| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন পারমাণবিক কেন্দ্র উন্মোচন করল উত্তর কোরিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ২২:০৭:৫২:অপরাহ্ন  |  ২৮২ বার পঠিত
নতুন পারমাণবিক কেন্দ্র উন্মোচন করল উত্তর কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: নতুন পারমাণবিক বোমার জ্বালানি উৎপাদন কেন্দ্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। এই স্থাপনা পরিদর্শনে গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের পারমাণবিক সক্ষমতা ‘অকল্পনীয় হারে’ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, বৃহস্পতিবার ওই স্থাপনা পরিদর্শনের সময় কিম বলেছেন, ‘অস্ত্র-গ্রেড পারমাণবিক উপাদান উৎপাদনের ক্ষমতা পাঁচ বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি এবং ‘সবচেয়ে ভয়ংকর শত্রুদের’ সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের কারণে এই সম্প্রসারণ প্রয়োজন’।

কেসিএনএ জানিয়েছে, পরিদর্শনের সময় কিমকে আরও উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত নতুন উৎপাদন প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করা হয়েছে এবং তিনি বর্তমান উৎপাদন লক্ষ্যমাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন কেন্দ্রটিতে সেন্ট্রিফিউজের সারি ও আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে কেন্দ্রটি কোথায় অবস্থিত বা কবে থেকে এর কার্যক্রম শুরু হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

কেসিএনএ আরও জানিয়েছে, নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনের পর সেখানে শীর্ষ কর্মকর্তারা একটি বৈঠক করেন কিম। বৈঠকে তিনি দেশের পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর লক্ষ্যে নেওয়া উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবায়নের অগ্রাধিকার নির্ধারণের কথা বলেন।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কিম একটি সেন্ট্রিফিউজ হলের মতো স্থাপনায় ঘুরে দেখছেন। সেখানে সারিবদ্ধভাবে বসানো রুপালি রঙের নল ও পাইপের মাঝখান দিয়ে তিনি হাঁটছেন।

বিশ্লেষকদের মতে, এই অত্যাধুনিক কেন্দ্রের প্রদর্শনী প্রমাণ করে যে কিম জং উন তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা বা সমঝোতায় যেতে রাজি নন। তিনি উত্তর কোরিয়াকে স্থায়ীভাবে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। 

অন্যদিকে এই পদক্ষেপকে উপদ্বীপের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া। এর জবাবে দক্ষিণ কোরিয়া তার নিজস্ব সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মতে, বৃহস্পতিবার উন্মোচিত পারমাণবিক স্থাপনাটি উত্তর কোরিয়ার তৃতীয় ইউরেনিয়াম কেন্দ্র। এরআগে ২০২৪ সালের সেপ্টেম্বরে আরেকটি গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র উন্মোচন করেছিল পিয়ংইয়ং।

তার আগে ২০১০ সালে উত্তর কোরিয়া প্রথমবারের মতো বিদেশি বিশেষজ্ঞদের সামনে ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের একটি সমৃদ্ধকরণ কেন্দ্র প্রদর্শন করেছিল। সূত্র: আলজাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪