স্টাফ রিপোর্টার: বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে দলটির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে এনসিপির নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী সরকারের বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে—সরকারের এমন দাবি সঠিক নয়। এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুতের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে একই সময়ে মূল্যবৃদ্ধির হার ছিল পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে।
নাসিরউদ্দীন পাটোয়ারীর দাবি, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়তে শুরু করেছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে, বুধবার গ্রাহক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় সরকার। তবে ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ফলে আবাসিক গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আগের মূল্যই বহাল থাকছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব