| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫০ সেকেন্ডে ক্যামেরা, ল্যাপটপ ছিনতাই- উদ্বেগে এলাকাবাসী

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২৩:৫০:৩২:অপরাহ্ন  |  ৩৬৯৭৩৫ বার পঠিত
৫০ সেকেন্ডে ক্যামেরা, ল্যাপটপ ছিনতাই- উদ্বেগে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। একের পর এক সংঘবদ্ধ অপরাধের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান চললেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বেড়িবাঁধ সংলগ্ন এলাকা, বসিলা, টাউন হল, আদাবরসহ বিভিন্ন বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় অপরাধীদের সক্রিয়তা বেশি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত এক মাসে রাজধানীতে ২ হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে মোহাম্মদপুর থানাতেই ৬৫০ জন গ্রেপ্তার হয়েছেন।

মোহাম্মদপুর থানার পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ৮৫টি মামলা হয়। এসব মামলায় ২৪ জন চাঁদাবাজি, ৩২ জন কিশোর গ্যাং সংশ্লিষ্ট ডাকাতি, ৭ জন দস্যুতা এবং ৩০ জন মাদক মামলায় গ্রেপ্তার হন।

স্থানীয়দের অভিযোগ, জমি দখল, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে একাধিক কিশোর গ্যাং গড়ে উঠেছে। এসব চক্রের পেছনে রাজনৈতিক ছত্রছায়া বা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলেও দাবি করেন তারা। গ্রেপ্তার বা দমন অভিযান চললেও চক্রগুলো ভেঙে ছোট দলে ভাগ হয়ে ছিনতাইকে নিয়মিত অপরাধে পরিণত করছে।

সম্প্রতি মোহাম্মদপুরে একাধিক ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

১১ মে বিকেলে মোহাম্মদপুর চাঁন মিয়া হাউজিং এলাকায় এক শিক্ষার্থী রিকশায় করে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাত্র ১ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে সংঘবদ্ধ চক্রটি তার মোবাইল ফোন, নগদ টাকা, মানিব্যাগ, এনআইডি ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়।

এর আগে ১৫ এপ্রিল নূরজাহান রোডে ফটোগ্রাফার সাঈদ হাসান তানিমকে অস্ত্রের মুখে প্রায় ১০ লাখ টাকার ক্যামেরা, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। প্রায় ৫০ সেকেন্ডের ওই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ রয়েছে।

৩ জুন চাঁদ উদ্যান লাউতলা এলাকায় কিশোর গ্যাংয়ের গণছিনতাইয়ের ঘটনাও আলোচনায় আসে। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন কিশোর প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে পথচারীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয়।

স্থানীয়দের দাবি, গত তিন মাসে মোহাম্মদপুরে ৬০টির বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে কেউ সর্বস্ব হারিয়েছেন, কেউ আহত হয়েছেন, আবার কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় বাসিন্দা আশরাফ ইমন বলেন, এখানে ছিনতাই-চাঁদাবাজি এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে অপরাধীদের সঙ্গে আঁতাতের অভিযোগও রয়েছে।

আরেক বাসিন্দা ও ব্যবসায়ী সাইদুর লিটন বলেন, দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। শিক্ষার্থী থেকে শুরু করে সবাই আতঙ্কে চলাফেরা করছে।

ডিএমপি কমিশনারের তথ্যমতে, এক মাসে রাজধানীতে ২ হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারি রয়েছেন। এ সময় বিপুল পরিমাণ মাদক, মোবাইল ফোন, সিম কার্ড ও যানবাহন উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদপুর এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে পরিকল্পিত অভিযান চলমান রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সংঘবদ্ধ অপরাধচক্রের পেছনে আর্থিক ও প্রভাবশালী নেটওয়ার্ক সক্রিয় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। দ্রুত ও সমন্বিত কঠোর পদক্ষেপ না নিলে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪