| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জালিয়াতি করে অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৯:২৫:৫৬:পূর্বাহ্ন  |  ৩৬৪৭৪৬ বার পঠিত
জালিয়াতি করে অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ব্যাংক কর্মকর্তা সারোয়ার হোসেন (৪০)–কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর গুলশান ৩২ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, সারোয়ার হোসেন ২০১৭ সালে একটি স্বনামধন্য ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) পদে কর্মরত ছিলেন। ওই সময় এক গ্রাহক তার নামে একটি ক্রেডিট কার্ডের আবেদন করেন। পরবর্তীতে প্রয়োজন না থাকায় গ্রাহক কার্ডটি ব্যবহার না করে ব্যাংকে ফেরত দিলেও অভিযুক্ত কর্মকর্তা সেটি ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন।

তদন্তে আরও জানা যায়, তিনি ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে কার্ডটির নিয়ন্ত্রণ নিজের কাছে রাখেন, যাতে সব ধরনের ওটিপি তার কাছেই আসে। এরপর ওই কার্ড ব্যবহার করে বিভিন্ন সময় আর্থিক লেনদেন ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করেন।

ভুক্তভোগী গ্রাহক পরবর্তীতে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট দেখে তার নামে ঋণ থাকার বিষয়টি জানতে পারেন। অথচ তিনি কোনো ধরনের ঋণ গ্রহণ করেননি বলে দাবি করেন।

এরপর তিনি বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ দেন। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয় এবং জালিয়াতির প্রমাণ পাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।

তদন্তে দেখা যায়, ২০১৭ সালের শেষ দিক থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন সময়ে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকা লেনদেন করা হয়। এর মধ্যে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট অর্থসহ প্রায় ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।

তদন্ত সংস্থা জানিয়েছে, চাকরি ছাড়ার পরও অভিযুক্ত ব্যক্তি ওই কার্ড ব্যবহার করে লেনদেন অব্যাহত রাখেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ার হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে জানায় সিআইডি। তার বিরুদ্ধে আরও কোনো আর্থিক জালিয়াতির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিআইডি আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪