স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন মো. রাজু আহম্মেদ কালু ওরফে হৃদয় (২৫) এবং মো. রকি ওরফে শাকিল (২৫)।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় জিয়া উদ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলেই দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
আহত পুলিশ সদস্যদের প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক অপর এক ছিনতাইকারীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি