স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি। এরই অংশ হিসেবে শনিবার (১৩ জুন) যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
ডিএমপির তথ্যমতে, যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন—মো. কবির (২৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), মো. আমির হোসেন (৩২), সফি কামাল শোভন (৪০), জলিল মিয়া (৪৮), ইসমাইল (২৬), মৌসুমি (২৭), সিয়াম (২৩), মনোয়ার মিয়া (৩৬), জিসান (২০), ইউনুছ মোল্লা (৫০) ও সিয়াম (২২)।
অন্যদিকে, মুগদা থানা পুলিশ পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. সাঈদ (২৫), মো. রাব্বি (২৫), মিজান উদ্দিন আহমেদ স্বাধীন (২২), রফিকুল ইসলাম সজীব (২৮), আবু বক্কর সিদ্দিক হৃদয় (৩৬), রমজান আলী বিদ্যুৎ (১৯), মিরাজ (১৯), জসিম (১৯), আলমগীর (২৩), আকাশ (২২), হিমু (২৬), আল আমিন (১৯), মো. রফি (২৫), নিজাম (২৩), আব্দুর করিম (৩০), নজরুল ইসলাম (৪৫) ও খাইরুল (৩৯)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি