| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১২:৫২:৪৫:অপরাহ্ন  |  ৪১৪৩ বার পঠিত
নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সোমবার (১৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রথম ধাপের সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে সূচনা বক্তব্য উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)।

এর আগে গত ৮ জুন মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর কারণে সেদিন কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়।

এ মামলায় বর্তমানে চারজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

অন্যদিকে পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশনুল হক, এমএ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

গত ১০ মে তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মাধ্যমে ২৮ জনের বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় গ্রেপ্তার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিদের উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে গুলি চালানো হয় আন্দোলনকারীদের ওপর।

এ ঘটনায় মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪