| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০৩:৩৮:১৭:পূর্বাহ্ন  |  ৪১২ বার পঠিত
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ

স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকাজুড়ে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঘোষিত বিভিন্ন কর্মসূচির প্রেক্ষাপটে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর ২০০টির বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে মহানগরের প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো। গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) সমন্বিতভাবে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। এছাড়া ডিএমপির চারটি প্রধান নিয়ন্ত্রণকক্ষে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত সদস্য মোতায়েন করা যায়।

ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে ১৮ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করবেন। ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।

এদিকে চলতি মাসের বিশেষ অভিযানের তথ্য তুলে ধরে ডিএমপি জানায়, ১ থেকে ২০ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরির ঘটনায় ১২১ জন, দস্যুতা সংশ্লিষ্ট ১১৩ জন এবং ডাকাতি মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া থানা পুলিশ, গোয়েন্দা বিভাগ ও সিটিটিসির পৃথক অভিযানে জুন মাসে এ পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন তালিকাভুক্ত চাঁদাবাজ বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বদ্ধপরিকর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪