| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাছান, নওফেল সহ ২২ জনের চার্জ গঠনের শুনানি আজ

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০৯:১৫:৪২:পূর্বাহ্ন  |  ৩৮৭ বার পঠিত
হাছান, নওফেল সহ ২২ জনের চার্জ গঠনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অনুষ্ঠিত হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি গ্রহণ করবে।

এর আগে গত ৪ জুন নির্ধারিত শুনানি স্থগিত হয়ে ২২ জুন দিন ধার্য করা হয়। সেদিন গ্রেপ্তার এক আসামিকে আদালতে হাজির না করায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, আজ প্রথমে অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন শুনানি করবে; পরে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন নিয়ে শুনানি করবেন।

মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ রয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর ৫ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তা আমলে নেয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪