| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৫:০৫:৩৯:অপরাহ্ন  |  ৭৭৩ বার পঠিত
হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হক আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আবেদনটির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়, তদন্তে আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। পাশাপাশি তদন্ত চলমান থাকায় ভবিষ্যতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী ও ভিকটিম মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিং ও ফায়ার সার্ভিস এলাকার রাস্তায় আন্দোলনে অংশ নেন। ওই সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের লোকজনের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এতে রাবার বুলেটে আহত হন মুক্তার হোসেন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন এবং এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে ২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে তিনি দলের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪