স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাতে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোতালেব প্লাজা এলাকায় ব্যবসায়ীদের কাছে একটি চক্র বিপুল পরিমাণ জাল নোট সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করে।
মীর আসাদুজ্জামান বলেন, অভিযানে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন সদস্য জড়িত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে চক্রটির কার্যক্রম, নেটওয়ার্ক এবং জাল নোট তৈরির উৎস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় জাল নোট তৈরি ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জাল নোটের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি