| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ০৭:৫৩:৫৭:পূর্বাহ্ন  |  ১০৮০ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বিগত অন্তর্বর্তী সরকারের সময় দেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সাম্প্রতিক গবেষণায় এ সময়ের দুর্নীতির বিষয়টি উঠে এসেছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি ওই সময়কার ১৮ মাসের কর্মকালের দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনের স্বার্থে সরকারকে অনেক বিষয়ে সমঝোতা করতে হয়েছে। তার ভাষ্য, যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল, তাদের বিষয়ও বিবেচনায় রাখতে হয়েছে।

বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেট জনবান্ধব এবং বাস্তবমুখী। বাজেট ঘোষণার আগে ও পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি হয়নি বলেও দাবি করেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে বাজেটের ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে হলে দলটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাস পর্যালোচনা করে তিনি দেখেছেন, জামায়াতে ইসলামী ১৯৪১ সালের ২৬ আগস্ট প্রতিষ্ঠিত হয়। সে হিসেবে দলটির বয়স বর্তমানে ৮৪ বছর। এ সময় তিনি রসিকতার সুরে বলেন, ‘দলটির ১০০ বছর পূর্তি পর্যন্ত আমি হয়তো বেঁচে থাকব না।’ তার এ মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষেও অবস্থান নেয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪