| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে অনলাইনে প্রতারণা, গ্রেপ্তার ৬

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ০৩:২৭:৩৪:পূর্বাহ্ন  |  ৮০৩ বার পঠিত
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে অনলাইনে প্রতারণা, গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার: অনলাইনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি ধর্মীয় ব্যক্তিত্ব ও সামাজিক প্রতিষ্ঠানের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ও বুধবার (৩০ জুন ও ১ জুলাই) গাজীপুর ও জামালপুর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নীরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একটি মামলা তদন্তের জন্য ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে হস্তান্তর করা হয়। পরে বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে প্রতারক চক্রটির কার্যক্রমের তথ্য উদ্ঘাটন করে।

তদন্তে জানা যায়, চক্রটি অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন বিনিয়োগ স্কিমে যুক্ত হতে উৎসাহিত করত। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য তারা ধর্মীয় বক্তা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের নাম, ছবি ও পরিচয় অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রতারকরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রিয় ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের সঙ্গে মিল রেখে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করত। এসব প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপন দেখে অনেকে বিশ্বাস করে সেখানে দেওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ পাঠাতেন। পরে বিনিয়োগের নামে সেই অর্থ আত্মসাৎ করা হতো।

ডিবি জানায়, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গত ৩০ জুন সকালে ঢাকার আশুলিয়ার জিরানী বাজার এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়ে বাবলু ওরফে সূর্য ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান চালিয়ে তুষার মিয়া, আতিকুর রহমান ওরফে নীরব রানা এবং লিখন ওরফে ইমনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রটির আরেক সদস্য শাকিল রানাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪