| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইকরার আত্মহত্যা: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৫:৩৪:৩০:অপরাহ্ন  |  ৬৯৪২৭ বার পঠিত
ইকরার আত্মহত্যা: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির আলভীর আইনজীবীদের জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এর আগে গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ১৮ জুন আত্মসমর্পণের পর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২১ জুন তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন।

এজাহারে অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যায় বাধ্য হন।

জানা যায়, আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি সন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪