| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলায়ন ও অসদাচরণের অভিযোগে সাবেক র‍্যাব কর্মকর্তা বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ০৫:১৮:৩৬:পূর্বাহ্ন  |  ৭১৫ বার পঠিত
পলায়ন ও অসদাচরণের অভিযোগে সাবেক র‍্যাব কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার: অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় র‍্যাব-৮–এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১৫ জুলাই জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষর করেন। মাসুদুর রহমান মনির সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুর রহমানের একসময়কার স্টাফ অফিসার ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। ওই দিন ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি একই দিন র‍্যাব-৮–এর অধিনায়ক র‍্যাব সদর দপ্তরকে অবহিত করেন।

পরবর্তীতে তার অফিস কক্ষ তল্লাশি করে ১২ নভেম্বর তারিখে স্বাক্ষর করা ১০ দিনের ছুটির আবেদন পাওয়া যায়। এছাড়া ডাকযোগে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিকেল ছুটির আবেদন পাঠানো হলেও বিধি অনুযায়ী তা গ্রহণযোগ্য না হওয়ায় অনুমোদন দেওয়া হয়নি।

অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ২০২৫ সালের ১৭ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়। পরে ২২ জুন অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

তদন্ত কর্মকর্তা ২০২৬ সালের ৮ জানুয়ারি দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন। এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি তাতেও সাড়া দেননি।

তদন্ত প্রতিবেদন, অভিযোগের গুরুত্ব এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার পর তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেওয়া হলে কমিশনও বরখাস্তের পক্ষে মত দেয়।

পরবর্তীতে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি চলতি বছরের ১৩ জুলাই এ সিদ্ধান্তে অনুমোদন দেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কার্যকরভাবে মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪