স্টাফ রিপোর্টার: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ জুলাই) সকালে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল বাড়িটিতে অভিযান চালিয়ে বিভিন্ন মালামালের জব্দ তালিকা প্রস্তুত করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র তানজীর আহমেদ।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে ২২ কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া অনুমোদিত সীমার বাইরে ৫৫ হাজার মার্কিন ডলার জমা, বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় অর্থ স্থানান্তরের অভিযোগও রয়েছে।
২০২৪ সালের ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন জিয়াউল আহসান। পরে হত্যা ও দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তিনি সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি