| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, দক্ষ জনশক্তি ও এফটিএ নিয়ে আলোচনা

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ১২:১৮:২৩:অপরাহ্ন  |  ১২১৫ বার পঠিত
সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, দক্ষ জনশক্তি ও এফটিএ নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানকে অভিনন্দন জানান।

জবাবে ড. খালিলুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে সিঙ্গাপুরসহ ছোট রাষ্ট্রগুলোর উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বহুপাক্ষিক কূটনীতিতে ছোট রাষ্ট্রগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগকে আরও কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগে রূপ দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি অভিবাসন এবং আন্তর্জাতিক ও বহুপাক্ষিক সংস্থাগুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন। পাশাপাশি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়েও সহযোগিতা চান।

ড. খালিলুর রহমান রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও সম্মানজনক সমাধান নিশ্চিত করতে সিঙ্গাপুরের সহযোগিতাও প্রত্যাশা করেন।

বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্যে চলমান আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪