স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবজি, মাছ, ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচসহ অধিকাংশ পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ।
রাজধানীর রামপুরা, খিলগাঁও, তালতলা ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বর্তমানে পেঁপে (৪০ টাকা) ও পটল (৬০ টাকা) ছাড়া অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। বেগুন বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৮০-১০০ টাকা, করলা ১২০ টাকা এবং শসা ও গাজর ১২০-১৪০ টাকা কেজি দরে।
সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কয়েকদিন আগেও যেখানে প্রতি কেজি ১০০-১২০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে দাম উঠেছে ২৮০ থেকে ৩০০ টাকায়। বাজারে ১০০ গ্রাম কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ৩০ টাকা।
ক্রেতা ফারহানা অর্নব বলেন, কিছুদিন আগেও ৩০ টাকায় ২৫০ গ্রাম মরিচ পাওয়া যেত, এখন একই টাকায় মিলছে মাত্র ১০০ গ্রামেরও কম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন ঊর্ধ্বগতিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহখানেক আগে ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন মানভেদে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, পাবনা, ফরিদপুর ও কুষ্টিয়াসহ উৎপাদন এলাকা থেকে সরবরাহ কমে যাওয়ায় মোকামেই দাম বেড়েছে।
ডিম ও মুরগির দামও বেড়েছে। ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ১৩০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০-২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০-৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও একই চিত্র। দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ এখন বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকা কেজি দরে, যা আগে ছিল ৩৫০-৩৮০ টাকা। তেলাপিয়া ২৪০-২৬০ টাকা, পাঙাশ ২২০-২৫০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা এবং চাষের চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় এক কেজি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও বিভিন্ন জেলায় বন্যার কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ, মাছ পরিবহন এবং পাইকারি সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আসিফুর রহমান বলেন, আগে থেকেই দ্রব্যমূল্য বেশি ছিল। এখন বৃষ্টি ও বন্যার কারণে প্রায় প্রতিটি পণ্যের দাম আরও বেড়ে গেছে। সাধারণ মানুষের জন্য সংসার চালানো দিন দিন কঠিন হয়ে উঠছে।
ব্যবসায়ীদের ধারণা, বৃষ্টি ও বন্যা পরিস্থিতির উন্নতি এবং সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিত্যপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। অর্থনীতিবিদদের মতে, সরবরাহ ব্যবস্থার দ্রুত উন্নয়ন এবং বাজার তদারকি জোরদার না হলে ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/বাবি