| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১৬:৩৪:১৯:অপরাহ্ন  |  ৩৬১ বার পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

স্টাফ রিপোর্টার: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে। সূত্রটির ভাষ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সূত্রটির দাবি, রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক চাপের কারণে নয়, ব্যক্তিগত কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

এদিকে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতির বিষয়েই এ ব্রিফিং আয়োজন করা হয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ইসলামী ব্যাংকের একটি শীর্ষ পদে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পান। ওই পদ থেকে পদত্যাগ করে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল তার অপসারণের দাবি তোলে। বঙ্গভবনের সামনে আন্দোলনও হয়। তবে তৎকালীন সরকার সাংবিধানিক কারণ দেখিয়ে তাকে অপসারণে সম্মত হয়নি। প্রধান বিরোধী দল বিএনপিও সে সময় এ বিষয়ে সমর্থন দেয়নি।

যদিও তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হন, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান। এরপর রাষ্ট্রীয় প্রজ্ঞাপন ও নিয়মিত সাংবিধানিক দায়িত্ব ছাড়া তার ভূমিকা অনেকটাই সীমিত ছিল। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল সীমিত।

২০২৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন বলেছিলেন, তিনি নিজেকে ‘অপমানিত’ বোধ করছেন এবং দায়িত্ব ছাড়তে চান। সে সময় তিনি বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন।

গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়টি আবারও রাজনৈতিক আলোচনায় আসে। তবে সে সময় সরকার বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক উদ্যোগের কথা জানানো হয়নি। সম্প্রতি তার পদত্যাগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে জোরালো আলোচনা শুরু হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪