| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিক ও নির্ভুলভাবে উপস্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০৯:২৮:৩৫:পূর্বাহ্ন  |  ২১৯ বার পঠিত
পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিক ও নির্ভুলভাবে উপস্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: আনন্দময়, কারিগরি ও জীবনমুখী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে একযোগে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিক ও নির্ভুলভাবে উপস্থাপন করা হবে। কোনো ধরনের ইতিহাস বিকৃতি বরদাস্ত করা হবে না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করতে ইতোমধ্যে আনন্দময় শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। বর্তমানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ চলছে। এসব বইয়ে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবনমুখী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা কর্মমুখী জ্ঞান ও বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।

পাঠ্যবইয়ের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, নতুন বইয়ে বাংলাদেশের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হবে। ইতিহাসকে বিকৃত বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের কোনো সুযোগ থাকবে না। ইতিহাস তার নিজস্ব সত্য ও ধারাবাহিকতা অনুযায়ীই শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে ক্রীড়া দল গঠন করা হবে। পাশাপাশি দেশের ৬৪টি জেলা এবং পাঁচটি বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, সরকার চায় শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইনির্ভর না থেকে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার মাধ্যমেও নিজেদের গড়ে তুলুক। এ লক্ষ্যেই নতুন সিলেবাসে খেলাধুলার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ (ফ্যামিলি ভ্যালু) অন্তর্ভুক্ত করা হয়েছে।

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪