স্টাফ রিপোর্টার: নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি আরও বলেন, কে রাষ্ট্রপতি হবেন, সেটা সময়ই বলে দেবে। এ বিষয়ে অগ্রিম কোনো নাম বা সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে তিনি রাজি নন।
আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিয়োগের বিষয়টি সংবিধান ও আইনি প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে। সরকার এ ক্ষেত্রে সংবিধানের বিধান যথাযথভাবে অনুসরণ করবে।
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে তিনি বলেন, তদন্তে যদি প্রমাণিত হয় যে মামলাগুলো মিথ্যা, তাহলে সেগুলো প্রত্যাহার করা হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী দাবি করেন, বর্তমানে সীমান্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা কিলিং শূন্যের কোটায় নেমে এসেছে। এছাড়া ধর্ষণের মামলার বিষয়ে সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই পদত্যাগ করেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
রিপোর্টার্স২৪/বাবি