স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের ভিত্তি সুদৃঢ় করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, তাঁর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ নিচ্ছেন।
রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে কায়সার কামালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। প্রতিনিধিদল তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেয়। ভারপ্রাপ্ত স্পিকার আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান এবং প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে কায়সার কামাল বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপনে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মতে, নারী-পুরুষের সমতা, সুশাসন ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করার বর্তমান উদ্যোগগুলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বৈঠকে ইউএনওপিএসের বাংলাদেশ ও ভুটান কার্যালয়ের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা এসডিজির স্থানীয়করণ, নারী উন্নয়ন, সুশাসন ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।