স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর জনগণের ভোটে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলটি সরকার গঠন করেছে। এর আগে বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপিকে ‘ফ্যাসিবাদী’ বলার সমালোচনা করে তিনি বলেন, যারা এমন মন্তব্য করেন, তাদের হয়তো এ বিষয়ে যথেষ্ট জ্ঞান নেই অথবা তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মন্ত্রী বলেন, দলটির আমিরের উচিত তাদের দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়া এবং নিজেদের দল কতটা গণতান্ত্রিক, তা নিজেরাই মূল্যায়ন করা।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। চলতি বছরের শেষ নাগাদ সম্ভব না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকে লাভজনক করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
এর আগে মির্জা ফখরুল বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।