স্টাফ রিপোর্টার: বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।
মঙ্গলবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা দেওয়া হচ্ছে।
দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যান্টন ফেয়ারের ভিসা আবেদনের ক্ষেত্রে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্রই একমাত্র বাধ্যতামূলক নথি। তবে আবেদনকারীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে আগের চীনা ভিসা, ভ্রমণের রেকর্ড ও কোম্পানির গ্যারান্টি লেটারের মতো অতিরিক্ত সহায়ক নথি জমা দিতে পারবেন।
ভিসা আবেদনে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন গ্রহণ না করে সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে। তাই আবেদনকারীদের অনলাইন ফর্ম যথাযথভাবে ও নির্ভুল তথ্য দিয়ে পূরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
একই সঙ্গে ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা জাল নথি জমা না দিতে সতর্ক করা হয়েছে। এসবের কারণে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পাশাপাশি ভবিষ্যতের ভিসা আবেদনের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। আবেদনকারীদের নিজেদের ভিসা ফর্ম নিজেরাই পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সেবা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, চীনে অবস্থানের সময়সীমা ও প্রবেশের সংখ্যা আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিধি বিবেচনায় দূতাবাস নির্ধারণ করবে।
‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘ভেতরের যোগাযোগ’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক দাবিতে বিশ্বাস না করার জন্যও সতর্ক করেছে দূতাবাস।
অভিযোগ বা মতামতের জন্য আবেদনকারীরা chinaemb_bd@mfa.gov.cn ও dhaka@csm.mfa.gov.cn ই-মেইলে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন (0088-02) 226603261 নম্বরে কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
রিপোর্টার্স২৪/বাবি