| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৭:০৩:১৮:অপরাহ্ন  |  ৫৮৪ বার পঠিত
স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই ও উৎপাদন কার্যক্রমে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন উদ্ভাবনকারীদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার উপযোগী ও বাজারজাত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় জানানো হয়, পৃথক দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে এসব যন্ত্র দেশের হাসপাতালগুলোতে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা জানান, দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় এসব চিকিৎসা সরঞ্জাম তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে। এতে দেশের স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতাও কমবে।

বিশেষজ্ঞরা জানান, গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। এর নিরাপত্তা, কার্যকারিতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিন শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে। এ যন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই পরিচালনা করা সম্ভব। ফলে বিদ্যুৎ সুবিধাবঞ্চিত এলাকা কিংবা জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সেও এটি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব চিকিৎসা সরঞ্জামের সফল উৎপাদন ও ব্যবহার শুরু হলে দেশের চিকিৎসা খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং আমদানিনির্ভরতা কমবে।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ডা. মামুন শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪