রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন হাইকোর্টের রায় স্থগিতের পাশাপাশি সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখার আবেদন করেছিলেন।
আদেশের পর জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। তাই সিএমপি (সিভিল মিসসেলেনিয়াস পিটিশন) আর থাকতে পারে না। আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আবেদনকারী চাইলে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করতে পারেন।
তিনি আরও বলেন, যেহেতু আদালতের কোনো বিরূপ আদেশ নেই, তাই সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, হাইকোর্টের রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য আবেদন করা হয়েছে। রায়ের কপি হাতে পাওয়ার পর নিয়মিত লিভ টু আপিল দায়ের করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন সরোয়ার আলমগীর। তবে তার নির্বাচনী ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল।
সরোয়ার আলমগীরের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। ওই রায়ে তার প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।
হাইকোর্টের রায়ের পর একই দিন চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। পরে ওই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
এরপর হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। চেম্বার আদালত হয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।
রিপোর্টার্স২৪/ঝুম