| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনা

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ১৪:০৩:১৬:অপরাহ্ন  |  ২২০ বার পঠিত
আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী আগস্ট মাসের মধ্যেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। সরকারসংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা চলছে। বেশ কয়েকটি নাম আলোচনায় থাকলেও বর্তমানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও বিএনপির স্থায়ী কমিটি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।

গত শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় বা অন্য কোনো প্রার্থী দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এর আগে সরকারি সূত্র জানিয়েছিল, সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নিয়মিত বা বিশেষ সংসদ অধিবেশন ডাকার বাধ্যবাধকতা নেই। প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই পৃথকভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সম্প্রতি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই। গত ১৫ জুলাই সংসদের সর্বশেষ অধিবেশন শেষ হয়েছে এবং সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসবে। এর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপির নীতিনির্ধারণী সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতামত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি স্থায়ী কমিটির আলোচনার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই এখনো সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন।

দলীয় সূত্রের মতে, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক সংকটের সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলীয় সীমার বাইরে গ্রহণযোগ্যতা এসব কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এগিয়ে রয়েছেন।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও প্রকাশ্যে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে উপযুক্ত বলে মত দিয়েছেন।

তবে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির সাংগঠনিক কাঠামো ও সরকারের দায়িত্বে পরিবর্তন আনতে হবে। সে ক্ষেত্রে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব ছাড়তে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার ঠাকুরগাঁও-১ আসন শূন্য হবে এবং সেখানে উপনির্বাচন আয়োজন করতে হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদ ভবনে প্রকাশ্য ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর বৈধ প্রার্থী একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি বৈঠকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪