| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০৯:৫০:৩৭:পূর্বাহ্ন  |  ২৪৮ বার পঠিত
আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

রিপোর্টার্স২৪ ডেস্ক: তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, সার্জিও গরের ঢাকা সফরের মূল লক্ষ্য হতে পারে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে আরও পরিষ্কার ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চায় ওয়াশিংটন।

সূত্রগুলো আরও জানায়, দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন সার্জিও গর। ফলে ঢাকা-দিল্লি সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়েও তিনি আলোচনা করতে পারেন। পাশাপাশি ভারত সরকারের উদ্দেশ্যে কোনো বার্তা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ ছাড়া, সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা, এ বিষয়ে ঢাকার অবস্থান এবং রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ নিয়েও যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এর আগে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়। ওই বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন। সেখানে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪