রিপোর্টার্স২৪ ডেস্ক: একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন। আগে এই সুবিধা শুধু নিজের চিকিৎসার জন্য সীমাবদ্ধ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর চিকিৎসাসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে এ অর্থ উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা।
এই সুবিধা প্রযোজ্য হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য।
বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঘোষিত বিশেষ স্কিমে সংশোধন এনে চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনকে নতুন নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, অনেক গ্রাহকের চিকিৎসার বাইরেও হঠাৎ অর্থের প্রয়োজন হয়। কারও পরিবারের সদস্যের চিকিৎসা, আবার কারও জরুরি পারিবারিক ব্যয় মেটাতে টাকার প্রয়োজন হতে পারে। আগের স্কিমে সে সুযোগ না থাকায় সংশোধনের মাধ্যমে তা যুক্ত করা হয়েছে।
গত বছর অন্তর্বর্তী সরকার সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।
এ ছাড়া, আমানত বিমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে ২ লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধ কর্মসূচি চালানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে মোট ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম