| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ২৩ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৭:৪০:৫১:অপরাহ্ন  |  ১১০৭ বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ২৩ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার: কর্মসংস্থানের আশায় প্রায় এক যুগ আগে দেশ ছাড়লেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ বাংলাদেশিকে দেশে ফিরতে হয়েছে। বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরার পর প্রত্যেককে আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

বৃহস্পতিবার ওমনি এয়ারের বিশেষ ফ্লাইট (ওএই-২৩২৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটেই যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ২৩ বাংলাদেশি দেশে ফেরেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় তারা ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ছাড়েন। পরে সংযুক্ত আরব আমিরাত, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে অনিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদের কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তারা দেশটির অভিবাসন কর্তৃপক্ষের নজরে আসেন। পরে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।

আইনি প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ ফ্লাইটে তারা বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছান।

বিমানবন্দরে ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ব্র্যাকের পক্ষ থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া তাদের জন্য হালকা খাবারের ব্যবস্থাও করা হয়।

সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মসংস্থানের জন্য বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং গন্তব্য দেশের অভিবাসন আইন ও শর্ত মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পরও আইনগত জটিলতায় দেশে ফিরতে হতে পারে।

তাদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। তাই অনিয়মিত পথে বিদেশে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সম্ভাব্য অভিবাসীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪