| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ১৩:৪৮:০৩:অপরাহ্ন  |  ১৫২২ বার পঠিত
জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলো অধ্যাদেশের সংস্কার গ্রহণ করা হয়েছে। যেগুলো এখনো বাকি রয়েছে, সেগুলো সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, “জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, “শেখ হাসিনা নিজেই বলেছেন, তিনি দেশে ফিরবেন। তিনি নিজে এলে সেটি ভালো। দেশে এলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে। এ ক্ষেত্রে সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না।”

এদিকে, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ করত, তাহলে ওই ঘটনায় মামলা হতো না।

তিনি বলেন, মামলার আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত হবে। তদন্তে যারা অভিযুক্ত হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ আরও অনেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪