রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। মাসজুড়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন। চলতি বছরে এক মাসে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে।
একই সময়ে নতুন করে ১৫৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।
মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন, মে মাসে ৭১৪ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ২০৬ জনে পৌঁছেছে, যা আগের মাসের তুলনায় তিন গুণেরও বেশি।
মৃত্যুর হিসাবেও জুলাই সবচেয়ে ভয়াবহ মাস। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বর্ষা মৌসুম অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। তাই মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
রিপোর্টার্স২৪/ঝুম