স্টাফ রিপোর্টার:জামায়াতে ইসলামীকে ‘অকৃতজ্ঞ দল’ হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, দলটি কিছু ব্যক্তিকে দিয়ে গালিগালাজ করাচ্ছে।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির মানুষকে মূল্যায়ন করতে জানে না। তিনি দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণে দেশে দলটি রাজনীতি করার সুযোগ পেয়েছে। অথচ বর্তমানে তারা সেই বিষয়গুলো ভুলে গেছে।
তিনি আরও বলেন, “তারা আজকে কিছু পোষ্য প্রাণী দিয়ে গালিগালাজ করাচ্ছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক।”
জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, সেখানে জুলাইয়ের ঘটনাপ্রবাহের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে জামায়াত-শিবিরকে দাবি করা হয়েছে। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে মগবাজার কার্যালয়ে তালা ঝুললেও সেটি খোলার উদ্যোগ কেউ নেয়নি।
রাশেদ খাঁনের দাবি, জুলাইয়ের আন্দোলনের প্রকৃত ‘মাস্টারমাইন্ড’ শহীদেরা। তিনি বলেন, জামায়াত-শিবির নিজেদের ওই পরিচয়ে তুলে ধরার মাধ্যমে শহীদদের মর্যাদাকে ক্ষুণ্ন করছে।
রিপোর্টার্স২৪/রাফিদ