বগুড়া প্রতিনিধি: ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা সামনে রেখে এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বগুড়া সিটি করপোরেশন। রবিবার ২৬ জুলাই বিকেল ৫ টার সময় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করা হয়।
সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে এম. আর. ইসলাম স্বাধীন বলেন, ‘বগুড়াকে দেশের অন্যতম আধুনিক মহানগরে রূপান্তর করাই এই বাজেটের মূল লক্ষ্য। বাজেটে প্রথমবারের মতো মাস্টারপ্ল্যান প্রণয়ন, আধুনিক নগরভবন নির্মাণ, সুবিল খাল ও করতোয়া নদী পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা, ড্রেন ও ফুটপাত পুনর্নিমাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এছাড়া ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠন, বহুতল সপ্তপদী শপিংমল নির্মাণ, সাতমাথাসহ চারটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং নগরজুড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যানজট নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসক বলেন, লাইসেন্সবিহীন অটোরিকশা নিবন্ধন, গুরুত্বপূর্ণ সড়কে এআই ক্যামেরা স্থাপন, গাড়ি পার্কিংস্ট্যান্ড নির্মাণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হবে।
পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপন ও পরিচ্ছন্ন নগর গড়তে সিবিওগুলোকে আরও সক্রিয় করা হবে।
সিটির পরিবেশ সুরক্ষায় বিশেষ নজর দিয়ে আগামী পাঁচ বছরের প্রতিবছর ৫০ হাজার গাছ রোপণ করা হবে। এডওয়ার্ড পার্ক, শহীদ খোকন পার্ক ও নীলসাগর দিঘীর আধুনিকায়ন এবং প্রতিটি ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। নাগরিক সেবা ডিজিটাল করতে ডি-নথি চালু, সব সেবা অনলাইনে নিয়ে আসা, নিজস্ব ওয়েবসাইট চালু, মশক নিধন কার্যক্রম জোরদার, নারী ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করা হবে।
বাজেটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং আধুনিক কসাইখানা চালুর উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন মো. খুরশীদ আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, সচিব মোছা. পপি খাতুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশের পর অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেটকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব