অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার ভোর ৬টা ১ মিনিটে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি জানান, এই ধারাবাহিকতায় একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ পুনর্নির্মাণে সরকার কাজ করে যাবে।
রিপোর্টার্স২৪/রাফিদ