| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা উচিত নয়: হাসান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ১৭:৪২:৪৪:অপরাহ্ন  |  ৮১৯ বার পঠিত
কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা উচিত নয়: হাসান

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্ট। সেখানে মঞ্চে গান গাওয়ার সময় কিংবদন্তি সংগীতশিল্পী হাসানের সঙ্গে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।

হঠাৎ দর্শকসারি থেকে ছোড়া একটি পানির বোতল হাসানের মাথায় আঘাত করে। অপ্রত্যাশিত এই ঘটনায় এক মুহূর্তের জন্য থমকে যায় পরিবেশ। তবে পরিস্থিতি সামলে আবারও গানে ফিরেন এই গুণী শিল্পী।

ওই মুহূর্তের ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। অনেকেই একে সংগীতাঙ্গনের জন্য ন্যাক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। 

সংগীতাঙ্গনে এ ঘটনায় যখন অস্থিরতা চলছে, এমতাবস্থায় যেন বিতর্ক বাড়াতে চাইলেন না হাসান। বরং ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান তিনি। পাশাপাশি শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই গুণী শিল্পী।

শুক্রবার দিবাগত রাতে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন হাসান। তিনি লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টিও জোর দিয়ে তিনি আরও লেখেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করার প্রবণতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে হাসান। তিনি লেখেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’

হাসানের এই বক্তব্যের পর সামাজিকমাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছেন ভক্ত ও সংগীতাঙ্গনের অনেকেই। আবার অনেকেই মন্তব্যে আক্ষেপ প্রকাশ করেন। কেউ কেউ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং শিল্পীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪