| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে : মাহ্দী আমিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৪:২০:৩২:অপরাহ্ন  |  ৪১৪ বার পঠিত
শিক্ষার্থীদের শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে : মাহ্দী আমিন

রিপোর্টর্স২৪ ডেস্ক: শিক্ষার্থীরা যে পরিমাণ পড়াশোনা করেছে, পরীক্ষায় তাদের সেই প্রস্তুতি ও যোগ্যতার ভিত্তিতেই শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়া অনুসরণ করেই এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহ্দী আমিন।

তিনি বলেন, ফলাফল নিয়ে ভালো বা মন্দের বিতর্ক না তুলে বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখা উচিত। যারা ভালো ফলাফল করেছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো উচিত। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, ‘আজকে ২০২৬ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার যে ফলাফল দেখছি, এটি সরকার গঠনের মাত্র দুই মাস পর শুরু হওয়া একটি প্রক্রিয়া। পরীক্ষাটির কার্যক্রম গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছিল।’

তিনি জানান, এবারের পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসিটিভি এবং বডি-অন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। খাতা মূল্যায়নের পুরো প্রক্রিয়াও শতভাগ নির্ভুলভাবে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মাহ্দী আমিন বলেন, ‘আমরা বহু বছর ধরে দেখে আসছি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিমভাবে জিপিএ-৫ কিংবা পাসের হার বাড়িয়ে দেখানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে পুরোপুরি বের হয়ে এসেছি।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রকৃত যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সে লক্ষ্যেই এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হয়েছে।

ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের পরিবার যেমন তাদের সাফল্যে গর্বিত, সরকারও তাদের নিয়ে গর্বিত। তবে যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের উদ্দেশে তিনি বলেন, এসএসসির ফলাফল জীবনের শেষ সুযোগ নয়।

তিনি বলেন, যারা ভালো ফলাফল করেছে, তারা যেমন তাদের পরিশ্রমের উপযুক্ত স্বীকৃতি পেয়েছে, ঠিক তেমনি যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার সব সময় তাদের পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল ভালো, খারাপ, প্রত্যাশিত বা অপ্রত্যাশিত—যাই হোক না কেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে পারছি যে, এবার কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হয়েছে।

মাহ্দী আমিনের মতে, দীর্ঘদিন পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের বিপুল প্রত্যাশার মুখে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না এবং প্রতিটি শিক্ষার্থী তার মেধার সঠিক মূল্যায়ন পাচ্ছে কি না এটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তার ভাষায়, পাস-ফেল যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, মেধা ও যোগ্যতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন পাচ্ছে কি না। শিক্ষামন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনায় এবার সেভাবেই এসএসসি ও সমমানের পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, প্রত্যেককে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। কোনো পরিস্থিতিতেই থেমে যাওয়া যাবে না।

তিনি বলেন, আমাদের বার্তাটি অত্যন্ত স্পষ্ট, যারা ভালো ফলাফল করেছে কিংবা যারা প্রত্যাশিত ফলাফল পায়নি, সবার উদ্দেশ্যেই বলা—প্রত্যেকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করো, কঠোর পরিশ্রম করো এবং নিজের ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখো; কখনোই থেমে যাওয়া যাবে না।

মাহ্দী আমিন আরও বলেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিটি শিক্ষার্থীর পাশে রয়েছে।

শিক্ষাক্ষেত্রে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা ভালো ফলাফল করেছে এবং যেসব প্রতিষ্ঠান ভালো করেছে, তাদের অনুপ্রেরণা ও স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি যেসব জায়গায় ঘাটতি বা সমস্যা রয়েছে, সেগুলোও চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই সমাধান বের করতে হবে।

তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব হবে। শিক্ষামন্ত্রীও এ বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন বলে জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, ১৮০ দিনের মূল্যায়নের যে বিষয়টি আসছে, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। তার মতে, ফ্যাসিবাদের দীর্ঘ শাসনের ফলে পুরো রাষ্ট্রকাঠামো ব্যাপকভাবে ভেঙে পড়েছিল। সেই পরিস্থিতি থেকেই শিক্ষা খাতকে পুনঃসংগঠিত ও পুনরুজ্জীবিত করার কাজ চলছে।

তিনি জানান, প্রথমবারের মতো বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশের তৃণমূল থেকে ঢাকা পর্যন্ত শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনোভেশন গ্রান্ট ও স্টার্টআপ কম্পিটিশন আয়োজন করা হয়েছে।

প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে বলে জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রমের সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয় এবং শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির সঠিক সংযোজন নিয়ে শিক্ষামন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরে ভেঙে পড়া একটি রাষ্ট্রকাঠামো পাঁচ বা ছয় মাসের মধ্যে আমূল পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। একই সঙ্গে সবার সহযোগিতা নিয়ে সামনের দিনগুলোতে বহুপাক্ষিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, শিক্ষার্থীদের সাফল্য যেন মূলধারায় তুলে ধরা হয়। যারা ভালো ফলাফল করেছে এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো অর্জন করেছে, তাদের অনুপ্রেরণা ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে যেসব জায়গায় সমস্যা বা ঘাটতি রয়েছে, সেগুলো সবাই মিলে চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪