| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ কোটি রুপি ছেড়ে প্রযোজক হচ্ছেন শ্রদ্ধা কাপুর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৮:১৯:৩১:অপরাহ্ন  |  ৫৪৩০ বার পঠিত
২০ কোটি রুপি ছেড়ে প্রযোজক হচ্ছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক: বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার ধরনে ধীরে ধীরে বড় পরিবর্তন আসছে। শুধু সিনেমায় অভিনয়ের জন্য নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক নেওয়ার বদলে এখন অনেক তারকাই ছবির লাভ, স্বত্ব ও মেধাস্বত্বের (আইপিআর) অংশীদার হচ্ছেন। এবার সেই পথেই হাঁটার কথা ভাবছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন অবলম্বনে নির্মিতব্য একটি বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুরকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ আলোচনায় উঠে এসেছে ভিন্ন এক সম্ভাবনা। এককালীন ওই বিশাল অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন অভিনেত্রী।

এই মডেলে শ্রদ্ধা শুরুতে হয়তো নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নেবেন না। বরং সিনেমার স্বত্ব, ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি এবং বক্স অফিস আয় থেকে নির্দিষ্ট অংশ পাওয়ার সুযোগ থাকবে তার। ফলে সিনেমাটি প্রত্যাশার চেয়ে বেশি ব্যবসা করলে তার মোট আয় ২০ কোটি রুপির প্রস্তাবিত পারিশ্রমিককেও ছাড়িয়ে যেতে পারে।

বলিউডে লাভের অংশীদারত্বের এই মডেল অবশ্য একেবারে নতুন নয়। এর আগেও বেশ কয়েকজন শীর্ষ অভিনেতা একই কৌশল বেছে নিয়েছেন। সম্প্রতি অক্ষয় কুমারও এমন মডেল অনুসরণ করে লাভবান হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি ছবিটির একটি বড় অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে রেখেছিলেন অক্ষয়। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে জানা গেছে।

শুধু অক্ষয় নন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো বলিউডের শীর্ষ তারকারাও নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার মুনাফায় অংশ নেওয়ার মডেলের দিকে ঝুঁকছেন। এতে একদিকে তারকাদের আয়ের সম্ভাবনা বাড়ছে, অন্যদিকে সিনেমার ব্যবসায়িক সাফল্যের সঙ্গে তাদের স্বার্থও সরাসরি যুক্ত হচ্ছে।

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার নতুন সিনেমা ‘ইথা’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবির জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে।

তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শেষ পর্যন্ত শ্রদ্ধা কী সিদ্ধান্ত নেবেন, সেটিই এখন দেখার বিষয়। তিনি কি ২০ কোটি রুপি এককালীন পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভের অংশীদার হবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শ্রদ্ধার ভক্তরাও। যদি শেষ পর্যন্ত প্রযোজনার অংশীদার হওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী, তাহলে এটি তার ক্যারিয়ারে শুধু অভিনয় নয়, ব্যবসায়িকভাবেও একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪