| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১৭:৩০:০৬:অপরাহ্ন  |  ১৮১০ বার পঠিত
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: কলকাতার নিউমার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে চাইলে মরদেহ দেশে ফিরিয়ে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। পরিবার চাইলে মরদেহ দেশে আনার ব্যয় সরকার বহন করবে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতার নিউমার্কেট এলাকার ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত। একই ঘটনায় দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলীও প্রাণ হারিয়েছেন।

অগ্নিকাণ্ডে নিহত অপর বাংলাদেশি নাগরিকের নাম আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।

একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে বাংলাদেশ মিশন।

অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি মরদেহ শনাক্তকরণ ও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডে আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, দুর্ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪