| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গোপসাগরে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ১১:১৯:৫৭:পূর্বাহ্ন  |  ৭১৫২ বার পঠিত
বঙ্গোপসাগরে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও ২২ জন।  ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এমভি ওশান উইনার নামের জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।

জাহাজটি যে এলাকায় ডুবে গেছে, সেটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কর্মকর্তারা জানান, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন-উইনারের নির্মাতা কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পরে জাহাজটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করে নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। রাত ৮টা নাগাদ দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় নৌবাহিনী। অভিযানের জন্য নৌবাহিনীর তিনটি জাহাজ ভারাদ, আনমোল ও বিজিত মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ বাকি ২২ জনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

শনিবার ঠিক কখন এবং কী কারণে জাহাজটি ডুবেছে, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪